দূর আকাশে, যেন শৈশব ভাসে,
আকাশের নীল রূপ দেখে
সেই কচি ছেলেবেলা পুতুলখেলায় ছুটে আসে।
আজকের এই সকালবেলা,
মেঘের কোলে সোনালী রোদের খেলা—
তুলা ছেঁড়া ঐ দিগন্ত ভর্তি মেঘে
আমি তো দেখি এক ছোট্ট মেয়েকে।
উড়ে যাওয়া বলাকার পালকের ভিড়ে,
মন চলে যায় কত পেছনে ফিরে।
বৃষ্টি-ভেজা মেঠো পথ, কাদার গন্ধ,
মেঘ দেখে হেসে ওঠা বাঁধভাঙা আনন্দ।
আকাশের ঐ মেঘের সাজে,
দূর শৈশব আজও বুকের ভেতর বাজে।
সময় হেঁটেছে অনেকদূর নিজের নিয়মে,
তবু বাল্যকাল থমকে আছে—
আজকের নীল মেঘের আশ্রমে।
