দিনের আলোর চেয়েও ভালোবাসি নিশিকে,
জগৎ ভাঙাগড়ার কাজ চলে নিঃশব্দে;
এই রাতের অন্ধকারে।
রাতকে আমি ভালোবাসি দিনের চেয়েও বেশি
নিজের স্বত্বাকে খুঁজে পাই রাতের অন্ধকারে;
ঠিক যেমনটি ছিলাম মাতৃ জঠরে।
নিঝুম নিস্তব্ধতায় নিশি কুটুম্বের ডাক শুনি,
আর শুনি প্রকৃতির মোলায়েম আহ্বান,
চুপি চুপি মধুর সুরে, অস্ফুট স্বরে
ডাকে আমায়; অন্য কেউ যেন শুনতে না পারে।
আপন শব্দ ভান্ডার মেলে ধরি মননে
বিচরণ করি আপন মনে,
ভাঙ্গি গড়ি নানা শব্দ তরঙ্গে
আমি যে শব্দ চাষি কর্ষণ করি অবাধে।
সযত্নে চাষ করি মনের মাধুরী মিশিয়ে
কখনো কখনো যা ঝরে পড়ে কবিতার মালা হয়ে।
নিশি অন্ধকারে সবাই যখন নিদ্রার গভীরে
আপন স্বত্বা গুলো জেগে উঠে আমায় প্রশ্ন করে,
বলতে পারো !
কি দিয়েছো তোমার ভালোবাসার অবনীকে ?
উত্তর খুঁজি অন্তরে, আজও খুঁজি,খুঁজেই চলেছি।
