প্রখর বৈশাখ রৌদ্রতাপে গলদঘর্ম
দাবদাহে কষ্টশ্বাসে স্থগিত কর্ম।
ফুটিফাটা চৌচির জমি
বৃষ্টি দাওগো তোমায় নমি,
বৃক্ষকর্তন চলছে জোরে তাইতো ভুগি
অসুস্থ সব প্রকৃতি নাশ সবাই রুগি।
বৈশাখ মাসে ত্রাহি ত্রাহি ক্রন্দন রোলে
কবি মাসের প্রস্তুতি চাই সবাই ভোলে।
নৃত্য গীতের অনুশীলন
নাটক জলসার মহামিলন,
স্মরি তোমায় রবি ঠাকুর জন্মমাসে
ঘুরে ফিরে প্রতিবছর একবার আসে।
প্রখর বৈশাখ অবেলাতে আঘাত হানে
চাষির কান্না ফসল নষ্ট অভাব জানে।
বৃক্ষকর্তন দায়ী যেন,
নগরায়ণ ফলে হেন,
জলাশয়ে জলের অভাব গরম চোটে
জ্যৈষ্ঠ ভাদ্র আছে পড়ে বৈশাখ মোটে।
দাবদাহে জ্বলছে শহর প্রখর তাপে
কষ্টের জীবন হয় যে শুরু ধাপে ধাপে।
দূষণ কমাও ভালোর তরে
থাকবে সুস্থ তোমার ঘরে,
পান্তা ভাতে আলু সেদ্ধ খেতে থাকো
শরীর ঠাণ্ডার মোক্ষম দাওয়াই জেনে রাখো।
