ঋতুর বদল নববর্ষের শুভাগমন
ঘরে ঘরে সিদ্ধিদাতার পুজো হবে,
দোকান জুড়ে নতুন খাতার সমারোহ
ঝুড়ি মাথায় গনেশ ঠাকুর পুজো রবে।
কালীঘাটে মায়ের কাছে পুজোর শেষে
সরবত মিষ্টি ক্রেতার সমীপ তুলে দেবে,
খাতা খুলুন শত টাকায় হেসে কবে
ক্যালেন্ডারটি বাংলা সনের হাতে নেবে।
অনেক আশা অনেক ভরসা নববর্ষে
নতুন নতুন জামাকাপড় পরবো হেসে,
পোলাও মাংস খাবো সবাই উদযাপনে
নববর্ষ এসো দেখি ভালোবেসে।
ভাব বিনিময় চলবে তবে প্রণাম করে
আশিস মিলবে ধান দুর্বাতে মাথার পরে,
বারো মাসের তেরো পার্বন মিলবে সবাই
হাসি ঠাট্টা খাওয়া দাওয়ায় পেটটি ভরে।
