চৈত্রের শেষে বৈশাখ ভোরে
পয়লা বৈশাখ নামের জোরে।
১৪৩৩ নতুন বেশে,
ডাকছে কেমন উজল হেসে,
নতুন বস্ত্রে মন্দিরে আজ
দেবদেবীদের লাল শালুর সাজ।
ঘটা করে পুজো হবে,
দোকানির ভিড় সঙ্গে রবে।
লাল শালুতে খাতা মোড়া
ঝুড়ি মাথায় মন্দির ঘোরা।
লক্ষ্মী গনেশ আছেন বসে
পুজো হবে ধুমধাম কষে।
হালখাতা বই নতুন রূপে
হিসেব পত্র লিখবে চুপে।
ক্রেতা আসবে কর্জ মেটে
গয়না নেবে ঘেঁটে ঘেঁটে।
বাকির পালা চুকাবে আজ
নতুন খাতায় সিঁদুরের রাজ।
নিমন্ত্রণে আসবে জনে
মিষ্টি খাবে সরবৎ সনে।
ক্যালেন্ডারটি পাবে হাতে
বাংলা তারিখ দেখবে রাতে।
পয়লা বৈশাখ হালখাতা রয়
সম্পর্ক ভাই জটিল তো নয়
বাণিজ্য ভাই হবে ভালো
প্রাণে আশা মুখে আলো।
বাকি কিস্তি উশুল হলো,
হালখাতা বই ধন্য বলো।
নতুন করে ব্যবসা শুরু
দোকানিরা ভজে গুরু।
জানায় শুভ নববর্ষ
মিষ্টিমুখে জানায় হর্ষ।
