কাব্য ছন্দে মাখা পাতা ভরে আঁকা
বিচিত্র মাধুর্য কথা,
জীবনে স্বছন্দ নির্মলের আনন্দ
কোথা নাহি কষ্ট ব্যথা।
মিলনের এই সন্ধি কবিতাতে বন্দি
ভাবে ভালোবাসা মুখে,
কলমের এই বাণী নেবে কাছে টানি
কেটে যাবে দিবা সুখে।
পৃথিবীর সব মায়া ফেলে ঘন ছায়া
লিখনে মননে আসে,
বিচারের এই বাণী কেঁদে ফেরে জানি
নিভৃতে গভীরে ভাসে।
ভালো মন্দ যত লেখা থাকে শত
খাতাতে পাতাটি ভরে,
গদ্য পদ্য যত চিত্র ধরে কত
স্বরবৃত্তে কথা ধরে।
কলমের অঙ্কনে সচিত্র মননে
ভালোবেসে কথা কবে,
আপনারে সয়ে মাতোয়ারা হয়ে
হাতে ধরাধরি রবে।
মনে মনে আশা নানা রূপে ভাষা
ভেদাভেদে যাবো ভুলে,
জীবন্ত বর্ণনা করেছে রচনা
রেখেছে হৃদয়টি খুলে।
ওগো প্রিয় দিও ভালোবাসা নিও
আবেগে লিখিত গানে,
মিলেমিশে সবে ভালোবেসে রবে
মিঠে সুরে তানে তানে।
আশা নিয়ে কাটে একা একা বাটে
সৃষ্টি মাঝে বেঁচে থাকা,
লেখা দিয়ে ভরি পদে পদে ধরি
সযতনে কীর্তি রাখা।
