মুঠো মুঠো মায়া মাটি তোমার অরক্ষিত নোঙর নাভিতে
আমি অপ্রতুল মেখে মেখে প্রমত্ত পুতুল হয়েছি ।
প্রশ্নের মুক্তাঞ্চল পেয়েও অপূর্ণ উত্তর শস্যের শয্যায়
দুঃস্বপ্নের মতো কেবলই আমার ঘুম ভেঙে যায় ।
সূর্যের সাঁকোর উপর দিয়ে সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত ।
তাড়াহুড়োর আবেগী ট্রিগারে আগুন জ্বলে ওঠার আগে
মস্তিষ্কের হিসেবী বরফে ছটফট নিজেকে গলিয়ে নিই ।
ভাবনা চিন্তার শেষ শান্ত পাড়ে এসেও
তরলমতি নদে’র নাব্যতায় আমি প্রতি ঢেউয়ে
ফের তোমার মায়ার মাটিতে মিশে থাকি ।
শুধু ছুঁয়ে থাকার সুখটান নেশা
আমার সসীম ঠোঁটের পাশে ঘুরঘুর করে
অসীম চুম্বন স্রোতের শীতেও কেবলই শীষ জন্মায় …
