কাশফুল নেচে ওঠে শরতের ডাকে,
ভাঙা মেঘ নীলাকাশে জলছবি আঁকে।
সবুজ মাঠে রোদ্দুর, রঙের সমাহার ,
মাঝে মাঝে ভেসে আসে মেঘমল্লার ।
প্রকৃতি হাসে নরম ছায়ার কোলে,
দিগন্তে শস্য ক্ষেত শান্তির ঢেউ তোলে।
শিউলি ফোটায় বনে শুভ্রতার পাপড়ি,
ভোরের শিশির আঁকে, প্রেমের আঁকড়ি।
নদীর জলে কাশের ছায়া তালে তালে দোলে,
মেঘলা আকাশ ছুঁয়ে যায়, মনে ঢেউ তোলে ।
মেঠো পথের ধারে শুনি, হারানো বাঁশির সুর,
প্রকৃতির বুকে মিশে যায় তৃপ্তি ভরপুর।
শান্ত ভোর গান গায় মাটির ঘ্রাণে,
নতুন দিনের আলো নেমে এলো প্রাণে।
কাশের দোলায় দোদুল্যমান স্বপ্ন খেলে বেড়ায় ,
আলোর ছোঁয়ায় আঁধার ঘোচে, গৃহস্থের আঙিনায় ।
শরতের বুকে আজ সোহাগের ধ্বনি বাজে,
বিচলিত মন শান্ত হলো প্রকৃতির মাঝে ।
