শীতের সকাল কুয়াশায় ঘেরা
বারান্দায় চায়ের পেয়ালায় উষ্ণতার খোঁজ,
ওম পেতে চায় শরীর মিঠে রোদের
সূয্যি তখন উঁকি দিতে চায়, যেমন দেয় রোজ।
ইজিচেয়ারের দোলায় ভাসিয়ে নিজেকে
অপেক্ষার ক্ষণ কাটে, যেমন কাটতো আগে,
ব্যর্থ প্রেমের ইতিহাস আজ উদ্বেলিত বুকের মাঝে
কি কারণে! ভাবা এখন অর্থহীন, কপালের ভাগ্যে।
পুলকিত মন, খেজুরের রস আস্বাদন, আহা
পুরাণো ব্যথা দূরভিত, সুন্দর সকালের শোভা,
হিমের ফোঁটা ঘাসের ডগায় চিকচিক রোদের ছটায়
পাখির কূজন কিচির মিচির,ফুলের বাহার মনোলোভা।
যৌবন পেরিয়ে বার্ধ্যকের দোর গোড়ায় থমকে
ছেলে মেয়ে বিদেশে, গিন্নি হয়েছে গত,
তাই হয় তো প্রেমিকার মুখ ভাসে নয়ন সমুখে
অপরাধ বোধ আহত করে, মারছে চাবুক শত।
আর একবার যদি দেখা হতো, ক্ষমা চাইতাম
বলতাম মাপ করে দিস, যদি কিছু অন্যায় করি,
তুই এখনও বেঁচে আছিস মনের কোটরে সযত্নে
অবেলায় তোকে স্মরণ করে সুখের স্মৃতি ধরি।
