Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভুল শুধুই আমার || Samiul Biswas

ভুল শুধুই আমার || Samiul Biswas

পুরোনো ডায়েরির ধুলোমাখা কয়েকটা পাতা !
অনেকগুলো দিনের অল্প অল্প কিছু কথা
কুড়িয়ে সাজানো তোর-আমার একটা কবিতা,
হতো যদি কলঙ্কের কালিতে লেখা পংক্তির সমাহার,
তবে তার কয়েকটা লাইন তোর, বাকি সবটাই আমার ! 

আমাদের ফেলে আসা সেই গল্পগুলোর ভাষা,
হতো যদি পরিচিত দিনের অপরিচিত এক গান,
রোজ ভাবনায় ভেসে আসা কোনো বেদনার আহ্বান ।
হতো যদি তাল কাটা কোনো এক সুরের অভিসার,
তবে তার ছন্দগুলো তোর, আর কথাগুলো আমার ! 

আমাদের গল্পগুলো পাড়ি দিয়েছিল দূরে,
বুঝতে পারিনি কিসের ভারে পড়েছিল সাগর-জলে !
যার পিছুডাক মিশেছিল ঢেউয়ের অশান্ত কোলাহলে,
তা যদি হতো দিকহারা কোনো নাবিকের হাহাকার,
তবে তার কূল হতো তোর, ভাঙ্গা মাস্তুল আমার !

আমাদের গল্পগুলো কুঁড়ি হয়েই ছিল,
হয়নি ফুল, অব্যক্ত যন্ত্রণায় অচিরেই ঝরেছিল !
যে কলঙ্ক চিরকাল আমার চোখের তলায় লাগলো,
তা যদি হতো শেষ বসন্তে কোনো প্রজাপতির অধিকার,
তবে সে বাগান হতো তোর, ঝরা পাতাগুলো আমার ! 

আমাদের গল্পগুলো ভিজেছিল চোখের জলে,
শুকিয়ে নিয়েছিল আবার নিজেকে সূর্যের আড়ালে ।
নীল স্বপ্ন ধূসর রং কে খুব কাছাকাছি পেয়ে
হতো যদি মেঘলা দিনের আকাশ, সাথে বৃষ্টি কয়েকবার,
তবে তার মেঘ হতো তোর, আর বৃষ্টিগুলো আমার !

আমাদের গল্পগুলো ভাঙ্গা আয়নার মতো !
যত বেশি করে ভাঙতে চাইছি, এঁকেই যাচ্ছে তত,
মুছতে চাওয়া ভাঙ্গা মনের এক একটা মুহূর্ত,
হতো যদি না রাখা কোনো কথা, যা দিয়েছিলি বারবার
তবে নাহয় দোষ ছিল না তোর, ভুল শুধুই আমার !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *