নতুন সাজে প্রভু রাজে
ভাই বোন পাশে নিয়ে,
চড়ে রথে যাবে পথে
ভক্তি সোপান দিয়ে।
বাদল বেলা রথের মেলা
পাঁপড় ভাজা খাবে
খেলনা শত বেলুন তত
মনের মত পাবে।
জয় জগন্নাথ অনাথের সাথ
রথের দিনে হবে,
চোখের জলে ভক্তি তলে
মহা মিলন রবে।
সবার কথা সবার ব্যথা
অন্তরেতে ধরে,
আপন ধর্ম আপন কর্ম
নিজের মত করে।
সবাই হাসো ভালোবাসো
প্রভুর আশিস নেবে,
ভাবের খেলায় রথের মেলায়
হৃদয়ের তাপ দেবে।
