কাদা মাটি জল হাঁটা পথে চল
বর্ষা কালের দান,
যেতে লাগে মজা হাতে মিঠা গজা
ব্যাঙে ঝিঁঝিঁ ধরে গান।
ফুলে ফলে ভরা পানে ধানে ধরা
বিশ্ব পিতার খেলা,
চাঁদ তারা রবি আঁকে কত ছবি
নীলাকাশে জ্বলে মেলা।
গাছে ফল খাসা রূপে রসে ঠাসা
সুবাসেতে ভেসে চলা,
আম জাম লিচু ডাল কর নীচু
পাকা ফল খাবো বলা।
দেখা দিল শেষে অপরূপ বেশে
লাল রঙে চাঁদ মামা,
রবি যাবে পাটে শশী ফেরে বাটে
খোকা খুকু দেবে হামা।
সদা ডাকে তারে প্রভু নাম যারে
ভোরে জপে প্রাণ ভরে,
দিন যাবে কেটে সব দুখ ছেটে
হাসি খুশি রবে ঘরে।
