ঈশ্বর প্রীতি ছোট বেলা থেকে পূজা অর্চনা সাঁঝে
পরাণে ভক্তি নিবেদন ছিল ছন্দ তানের মাঝে।
মঙ্গল দীপ মন্দিরে জ্বলে শঙ্খ ঘন্টা সাথে
চর্চায় ফল সম্ভব হবে দূর্বা আশিস মাথে।
পূরবী রাগিণী বাজে যে মধুরে সেতারের সুরে সাধা
শাস্ত্রীয় গানে আলাপ চালায় ছন্দ দোলায় বাধা।
বিকট শব্দে ছিন্নভিন্ন তম্বুরা তারখানি
অশ্রু সজল নয়ন যুগল ছাত্রীর চোখে পানি।
বাহানা অনেক শিক্ষা বন্ধ থাকুক এবার তবে
ধমকের সুরে শিক্ষক বলে অধ্যবসায় রবে।
মন দর্পণে বারংবার যে রোমন্থনে সে ভাসে
অতীতস্মরণ অনুভূতি সুখ মোহময় রূপে আসে।
রঙিন চিত্র মুগ্ধতা দেয় হার্দিক মনে যথা
হিল্লোল ওঠে হ্লাদিনীর প্রাণে স্মৃতিচারণেতে তথা।
স্মৃতির গ্রাসেই বিবশ জীবন,অতীত পাহাড় গড়ে
“গড্ডালিকার অচেনা প্রবাহে ভাঙা ছবি নড়েচড়ে।”
