বাদলা দিনে পকোড়া কিনে
খাবে মুড়ির সাথে;
মরিচ ঝাল মুখেতে লাল
মুঠো ভর্তি হাতে।
জগাই ভাই মাধোকে পাই
রথের মেলা মাঝে;
পাঁপড় কেনা মিঠাই চেনা
ফিরবে শেষে সাঁঝে।
লাইনে দাঁড়া পায়েতে খাঁড়া
দড়িতে টান দেবে;
কপালে লেখা প্রভুর দেখা
আশিস খানি নেবে।
বরষা নামে জনতা থামে
পালায় সবে ছুটে;
রোদের আশা মেজাজ খাসা
স্বপন গেল টুটে।
বিজলি দেখি সহসা সেকি
ঝিলিক মারে জোরে;
গুড়ুম রবে ডাকছে তবে
পশুরা ভয়ে শোরে।
ঘরের কোণে নামতা গোনে
প্রভুর নাম ধরে;
আসবে রবি বেশেতে নবি
রোদের আভা ভরে।
