নীল আকাশের তারা সকল যদি বন্ধু হও
মায়ের অভাব পূরণ করো হাত বাড়িয়ে দাও।
সন্ধ্যাতারা জ্বলজ্বল জ্বলো ঝিকিমিকি রূপ
বকম বকম করছে খোকা তবু কেন চুপ।
খরগোশ পাখি বন্ধু হবে খেলবে তবে আজ
মনখারাপে ভেল্কি দেখাও মাথায় পড়ো তাজ।
খেতে দেবো চিনাবাদাম কুটুস কুটুস খাও
দিনের শেষে ভালো মনে বাড়ি ফিরে যাও।
বৃষ্টি দিনে ছাতা হয়ে গাছপালারা রয়
ঝিলিক মেরে তড়িৎ হানে মনের মাঝে ভয়।
ব্যাঙের রানি ঘ্যাঙর ঘ্যাঙর ঝিল্লির তানে সুর
বন্ধু আমার ভয় পেয়ো না বাজ পড়েছে দূর।
ছায়া দেবো বাতাস দেবো আশ্রয় দেবো খাস
ফুলের গন্ধে ভরাবো মন শুকলে পাবে বাস।
বন্ধু আমরা পরস্পরের ভয় কেন যে পাও
ফলের দিনে আম জাম লিচু পেটটি পুরে খাও।
পরিবেশের বন্ধু হবে বৃক্ষকর্তন থাক
সাম্য বজায় রাখতে হবে হিং*সা ভাবটি যাক।
সবাই মিলে হাতটি মেলাই করতে হবে চাষ
মিলেমিশে বন্ধুভাবে করতে হবে বাস।
