“মুখোশ পরে চলছে সবাই
ঠোঁটেও তাদের নকল হাসি,
পরের থেকেও আপন মানুষ
জখম করে অনেক বেশি।”
মুখে মিছরি হাতে ছোরা
সুযোগ পেলেই আঘাত করে,
স্বার্থের বন্ধু এমনই হয়
বিপদকালে হিংসা ধরে।
লোভ লালসায় ভরা হৃদয়
ভিজে বেড়াল হয়ে থাকে,
মাছটি পেলেই থাবা বসায়
আসল স্বরূপ সামনে রাখে।
আজকে দেখি পর হয় আপন
প্রয়োজনে দাঁড়ায় পাশে,
স্বার্থান্বেষী আপনজনে
দূরে থেকে কেবল কাশে।
মুখোশ পরা মানুষ সকল
বাস্তবের রঙ গায়ে মেখে,
বহুরূপী কার্য কলাপ
রঙ পাল্টিয়ে ভেল্কি দেখে।
সংসারের এই নাট্যমঞ্চে
কুশীলব ভাই প্রতি জনে,
আপন মানুষ মুখোশ পরে
ব্যবহারে, কষ্ট মনে।
দেঁতো হাসির চাবুক কশায়
জর্জরিত হৃদয় যবে,
মলম লাগায় প্রতিবেশী
আরোগ্য পাই নিত্য ভবে।
