বকম বকম করছে কপোত
ভালোবাসার সুখে,
পাখা ঝাপটায় বেদম জোরে
বাজের শব্দে দুখে।
বৃষ্টিধারায় কাঁপন লাগে
সামলে বাচ্চা রাখে,
ওম ধরে দেয় পালক ডানায়
ছানা ঘেষে থাকে।
রোদের করে আকাশ হাসে
কপোত ওড়ে দূরে,
ফিরল কূলায় শিকার মুখে
দিলো মুখে পুরে।
কুক্কু কুক্কু করছে দেখো
আহ্লাদে আজ পাখি,
বাবুর বাড়ির ছোট্ট মেয়ে
বাঁধল ডানায় রাখি।
খেতে দিলো হরেক চানা
আদর করে মেখে,
ডাকছে কেবল রাখি ভাইটি
চুমা ঠোঁটে রেখে।
