গরম দুপুরে মায়ের আঁচল পাখার বাতাস করে
পরম আদরে চুলে বিলি কাটা ঘুমের পরশ মাগে,
মায়ের পরশে শিশুর তৃপ্তি নিদ্রা চোখেতে ভরে।
সচেতন মন গৃহের কর্ম সারে তাড়াতাড়ি আগে
স্বপ্নের ঘোরে অধরে দেয়ালা ঘুমন্ত শিশু হাসে,
জাগাতে কষ্ট তবু মাতা ডাকে চোখ কচলিয়ে জাগে।
লালিমায় ঢাকা গোধূলির বেলা আকাশের মাঝে ভাসে
সবুজের মাঠ হাতছানি দেয় এসো খোকা খেলা হবে,
মনের বিকাশ খেলাধুলা মাঝে দৌড়ে বেড়াও ঘাসে।
আধেক ঘন্টা খেলা করে ফেরা পড়ার তাড়া যে রবে
আঁখি ঢুলু ঢুলু তবু চলে পড়া নিস্তার নেই আজ,
তোতাপাখি হয়ে মুখস্থ ক’রে মস্ত মানুষ তবে।
সময়ের তাড়া প্রথমের সারি ধরার তরেই কাজ
বিষয়ের দোলা পরপর চলে নিয়মের ঘড়ি মেনে,
ঘর জুড়ে শুধু খাতা বই পেন সরস্বতীর রাজ।
শৃঙ্খলা রেখে বড় হবে শিশু নামতেই সবে চেনে।
