ভালোবাসা কি সায়রী?
সংগীত,গজল, কিংবা বাঞ্জারাদের ঘর?
ভালোবাসা কি বড্ড ছোঁয়াচে রোগ?
জানতে পারি নি কখনো!
তোমায় ভালো কই বেসেছি বল!
শুধু কষ্টই দিয়ে গেছি,
জোর করে আগলে রেখে।
শুনেছি মানুষ সবচেয়ে আগে-
কথার প্রেমে পড়ে!
আজ পর্যন্ত কোনদিন ভালো করে,
কথাই বলতে শিখলাম না,
চার দেওয়ালে আবদ্ধ বন্দী মেয়ে।
অনেকটা যেন বাঁচার মতো করে,
বাঁচাতে শিখেছিলাম।
তোমার আন্তরিক স্পর্শে।
সম্পর্ক শব্দটি চেয়ে,
স্পর্শ শব্দটি অনেক বেশি
জীবন্ত লাগে আজও!
দেখো, তবুও তো পারি নি
তোমায় ভালো বাসার শক্তপোক্ত,
লতায় জড়িয়ে রাখতে।
ভালো বাসলে ছেড়ে দিতে হয়,
জানতে পারি নি,
এ তো জোর করে পাওয়ার জিনিস নয়,
বাসলে ভালো উড়িয়ে দাও-
তাঁকে নীল আকাশে।
উড়ো মেঘে বৃষ্টি হয়ে ঝরবো,
তোমার উর্বর মাটিতে।
গাছ হয়ে দাঁড়িয়ে রইবো রোদ,
জল-ঝড়-বৃষ্টি তে।
তুমি বরঞ্চ গল্প মেতো সেখানে,
যেখানে জল ফড়িং ওড়ে মেঠোপথে!
প্রজাপতি ডানা মেলে সুদূর নীল আকাশে।
যে গল্প কথায় তোমার অল্প-অল্প সুখ মেলে।
তুমিই তো একদিন শিখিয়ে ছিলে,
ভালো বাসা খুব অল্পতেই খুশি থাকে!
তুমি সেখানেই থেকো যেখানে লেখা
পড়লেই তোমার ছন্দোবদ্ধ কবিতা
ধরা দেয় আপনা হতে!
রইলাম নীরবে সকলের অন্তরালে!
জানতে চেও না কেমন করে বেঁচে বর্তে আছি!
কেমন করে মরে গিয়েও
জেগে আছি সবুজ গাছ হয়ে!!
