আঁচল ছোঁয়া গন্ধ নিয়ে এসে
খোলা বাতাস তোমার কথা বলে,
উড়িয়ে কেশ ধুলোর সাথে মেশে
অনুরাগের শত পরশ তলে।
ভাবনা গুলো ছড়ায় পাখা মেলে
অচিন পুরে রাজকুমারী থাকে,
নীল খামেতে প্রেমের চিঠি পেলে
তালার সাথে সিন্দুকেতে রাখে।
রাজার ছেলে নাইবা হলে শেষে
রাখাল ছেলে অবাক চোখে চেয়ে,
বলে কি পাখি যাবে আজব দেশে
হৃদয় পুরে বন্দি আছে মেয়ে।
তাইতো বলি যাওনা চলে দূরে
ঘোড়ায় চড়ে টগবগিয়ে রবে,
জাগাবে তারে মধুর গানে সুরে
দানব মেরে আসবে ফিরে তবে।
প্রেমের সাথে বাঁধবে বাসা দোঁহে
ভরাবে প্রাণ লাজের রঙে ভরে,
থাকবে দুটি ভালোবাসার মোহে
কাটবে দিন প্রভুর নাম ধরে।
বাতাস এসে ফিসফিসিয়ে বলে
বৃষ্টি জলে ভিজবে যদি বলো,
আনতে পারি মেঘ নামিয়ে তলে
আঁচল ছোঁয়া গন্ধে তবে চলো।
