“বনের মাঝে বটের তলায়
সামিয়ানার তলে
পশুপাখির মিলনমেলার
অনুষ্ঠান এক চলে।”
বাঘে সিংহে নাচে দোঁহে
ধিনাক নাতিন তিনা,
দুলকি চালে মাতাল ভালুক
বাজায় দেখি বীণা।
টিয়া ময়না বুলবুল কোকিল
গান ধরেছে সুরে,
কোমর দোলায় বানর ভায়া
লম্ফ লাগায় ঘুরে।
ঝুমুর ঝুমুর নূপুর বাজে
ময়ূর নাচে তালে,
চোখ পাকিয়ে বসে আছে
প্যাঁচা গাছের ডালে।
রান্নার গন্ধে হৃদয় পাগল
জলদি এসো খেতে,
ছত্রভঙ্গ এদিক সেদিক
অনুষ্ঠানে মেতে।
