শ্রাবণ মাসে ব্যাঙের আশে
হারমোনিয়াম সুর তোলে,
ব্যাঙবৌ ঘরে ভাঙা স্বরে
নিজের গলা খোলে।
কোথায় গমক শাশুড়ির ধমক
গা ধা কোমল সাধো,
ওরে ছাগল হলি পাগল
তানপুরা আগে বাঁধো।
বাপের বাড়ি গানেতে দাঁড়ি
নতুন করে শেখো,
স্বরের নীতি তানের রীতি
নিয়ম করে রেখো।
যত্ন করো স্বরগম ধরো
আলাপ চলতে থাকে,
মাতবে আসর বাজবে কাঁসর
বায়া তবলা রাখে।
গলাটির ক্ষয় শাশুড়ির জয়
বেসুরো ফেরে সুরে,
আলাপ বিলাপ ব্যঙেদের প্রলাপ
ঘ্যাঙর ঘ্যাঙর ঘুরে।
হাতে তালি বাজে খালি
শূন্য টঙ্কা পেলে,
ক্লান্তির বেশে দিনের শেষে
পোকা তাজা খেলে।
