খিদের জ্বালা হয় না সহ্য পথশিশুর রব
অনাথ আমি ভিক্ষে মাগি দাওগো খেতে সব।
খোলা আকাশ মুক্ত বাতাস আমার বাড়ি ঘর
সবার সাথে মেলামেশা কেউ করেনা পর।
মাঝে মাঝে চোখ দুটিতে আসে অশ্রু জল।
দাদা দিদি আদর করে ডেকে বলে চল।
হাতের কাজে ব্যস্ত থাকি রোজগার করার ছল
দুটি পয়সা জুটে যাবে পরিশ্রমের ফল।
চৌর্যবৃত্তি থেকে রেহাই কাজের মাঝে রই
দিনের শেষে সিদ্ধ ভাতে আমরা তৃপ্ত হই।
খিদের জ্বালা বড় জ্বালা দুখের ব্যথা রয়
গাড়ি মুছি খুশি মনে ভাতের জোগাড় হয়।
তারা ভরা আকাশ মাঝে মাকে দেখতে পাই।
হাত বাড়িয়ে ডাকছে দেখো, বলছি আমি যাই।
স্বপ্ন রঙিন চাঁদের দেশে ঘুরে বেড়াই জোর
ভোরের রবির আলোয় ভেসে কাটে স্বপ্নের ঘোর।
