কলপ মেখে কালো চুলে
অন্ধকারে মিশে,
পেত্নি রানি দাঁড়িয়ে ঠায়
চোখে পায় না দিশে।
গনগনে চোখ জ্বলছে নিভছে
লাল টিপ জ্বলে ভালে,
সেজে গুজে বর বাবাজি
এল রাতের কালে।
নরমুণ্ড মালা গলে ঝোলে
মুলো দাঁতে মেয়ে,
বিয়ের আশায় অপেক্ষাতে
বরের লাগি চেয়ে।
দেখতে পেয়েই ভিরমি খেলো
রোগা পটকা মেছো,
পেত্নি চেঁচায় হলোটা কি?
অন্য সময় গেছো।
জলের ঝাপটা চোখে মুখে
অজ্ঞান হলে কেন?
উঠে পড়ো সোনা মাণিক
দেরি হয় না যেন।
ধড়ে প্রাণ এলো মেছোর
এতো পেত্নির গলা
অন্ধকারে কি যে দেখিনু
কানে খাই মলা।
প্রাণেশ্বরী তোমায় হেরি
প্রেসার গেল কমে,
এখন বিয়ে হতেই পারে
রইব না মোটে দমে।
