কবিগুরু আমার গুরু আলখাল্লার ওই বেশে
সকাল থেকে গান কবিতা মধুর সুরের রেশে।
দুঃখ সুখের সমাবেশে তুমি আছো পাশে
শরৎ কালের স্মরণে গান বেঁধেছ কাশে।
ডাক দিয়েছ দইওয়ালা অমলের সাথ
মিনি রহমত হাত্তী শুনে হয় যে মাথা কাত।
ভানুসিংহ সেজে তুমি পদাবলী রেখো
ব্রজবুলি ভাষায় কৈশোর যৌবন পদ লেখো।
সহজ পাঠের দুইটি খণ্ড বাংলা ভাষার তরে,
সকাল থেকে পড়া শুরু পিতা মাতার বরে।
কুমোর পাড়ার গোরুর গাড়ি পড়তে তোমায় হবে
মাতৃভাষার শিশুপাঠে মনটি তোমার রবে।
গদ্য পদ্য গান নাটক আর উপন্যাস শত
গীতবিতান গীতাঞ্জলি ছোট গল্প শত।
শ্রী ও শান্তি নিকেতনের প্রতিষ্ঠাতা তুমি
বিশেষ দিনে তোমায় স্মরি গান কবিতায় নমি।
