“প্রকৃতির মহাযজ্ঞে চৈত্রের আহ্বান
দিগন্তে যুদ্ধের বাদ্যি বারুদের ঘ্রাণ।”
পদতলে মর্মরতা পাতা ঝরা দিন
খসে পড়ে পুষ্পরাজি বাজে শুধু বিন।
প্রকৃতির জীর্ণদশা শুষ্কতায় ভরা
যুদ্ধবাজে যুদ্ধ করে কেঁপে ওঠে ধরা।
দূষণের গন্ধ ভাসে বাতাসে বাতাসে
রক্তক্ষয়ে মুত্যুপথে লোক হাহুতাশে।
মুখ ঢাকে লাল ফুলে ছাই রঙে হেসে
ধ্বংসলীলা মেতে ওঠে বালুদেশে ভেসে।
মানবতা মনুষ্যত্ব মুছে গেছে আজ
অত্যাচারী প্রতিশোধে কঠোরতা সাজ।
চৈত্র দিনে কান পাতো পাবে কুহু তান
ভালোবাসা কথা কবে সুরে সুরে গান।
কিশলয়ে মাথা তোলে প্রতি ডালে ডালে
মৃদুমন্দ নড়াচড়া পবনের তালে।
শান্তি পাবে মনে মনে যুদ্ধ ক্ষান্ত হলে
শুভবুদ্ধি জাগরিত কথাবার্তা চলে।
বন্ধ হবে যুদ্ধ তবে কবির ভাবনা
প্রার্থনাতে মন দাও শান্তির কামনা।
