দাঁত কেলিয়ে হাসছিস দেখি
কনকনে শীত বেয়াড়া,
পারদমাত্রা নেমে এলো
কুঁকড়ে গেলো চেহারা।
কম্বল চাদর লেপের পোটলা
রোদের তাপে শুকানো,
রাতের কালে আরাম দেবে
লেপের তলায় লুকানো।
ঝোড়ো হাওয়ায় শীতের প্রকোপ
কামড় বসায় শরীরে,
পথবাসী অসহায় আজ
ঠাণ্ডায় কম্প ধরিরে।
কাঠকুটো আজ জ্বালিয়ে শেষ
হাত পা সেঁকা আগুনে,
শীতের কামড় হয় না সহ্য
ভালো ছিলাম ফাগুনে।
কুকুর বিড়াল পশু পাখি
শীত কামড়ে মরেছে,
নেইকো মানুষ নেইকো সুজন
যাদের চাদর ধরেছে।
ত্রাহি ত্রাহি মধুসূদন
বকছে জ্বরের প্রলাপে,
শীতের কামড় বসায় থাবা
বুড়ো কাঁদে বিলাপে।
নাকে সর্দি বুকে হাপর
কেশে গলা ভেঙেছে,
চচ্চড়ে ঠোঁট ফেটে খানখান
রক্তবর্ণে রেঙেছে।
তবু হাসিস বয়ে চলিস
দাঁতের বাজনা বেজেছে,
যা চলে যা ভিন দেশেতে
নেবার জন্য সেজেছে।
