বিয়ের আসর বনের মাঝে সানাই বাদ্য বাজে
ঢোল নাকাড়ার গমগমে রব বনের মাঝে রাজে।
শুড়টি নেড়ে হাতী দাদা অভিবাদন করে
আকাশ জুড়ে চন্দ্রকিরণ ব্যাপ্তি বিশ্ব পরে।
গর্জন করে আসছে সিংহ, ব্যাঘ্র দলে দলে
কাকাতুয়া টিয়া ময়না গানের সুরে বলে।
ভোজের গন্ধ নাকের ডগায় কখন খাবার খাবে
মালা বদল সপ্তপদী বিয়ের কাজটি পাবে।
ঋষভ রাজের তর সয় নাকো ডাকল জোরে জোরে
বাজির আলোয় পাড়া ঝলমল ছুটল সবাই মোড়ে।
পরিবেশন করছে এবার ফল মূল সব্জি কত
খরগোশ পাখি আরো সকল জুটল শত শত।
মাংসাশীরা চিবিয়ে খায় হাড়গোড় মজ্জা সুখে
চক্ষু বুজে মহাভোজে হাড়টি ধরে মুখে।
দক্ষিণা পায় শিয়াল পণ্ডিত খাবে পেটটি পুরে
চাল কলা সব পুটলি বাধে যাবে অনেক দূরে।
মিলেমিশে পশু পাখি কেমন সুন্দর রবে
এমন যদি সদাই হতো হিংসার মৃত্যু তবে।
শান্তির বাণী ছড়াও দেখি একতার গান গাবে
ঠাকুরমা আর ঠাকুর দাদার গল্পে শান্তি পাবে।
