ঋতুগুলো নিমেষেই পাল্টে নিচ্ছে অবয়ব,
কানাঘুষোয় অনেক কথাই ডানা মেলে বাতাসে,
ভাসমান পালকের মতো অন্তহীন অনিকেত প্রান্তর,
মরা ছায়া মজা নদীর মুখেই লেপ্টে থাকে রোজ,
শোকতাপ ধীরে ধীরে অলক্ষে হয়ে যায় গা সওয়া।
বদলের প্রতিবিম্বে শুকিয়ে যায় শোকের আদ্রতা,
রোদ বৃষ্টি ঝড় ছাপ রেখে যায় পালা করে,
আলপথের বিভাজন কুয়াশা মিলিয়ে দেয় ঘন আঁচলে,
ভেতর বাইরের সন্ধিক্ষণে বাক্য মেলাতে ব্যস্ত এলোমেলো বর্ণমালা,
গার্হস্থের চৌহদ্দির দীর্ণতায় খেলা করে আবেগমথিত উষ্ণতার সিঞ্চন।
ওরা আসে এভাবেই অহরহ,
জমাট বাঁধা অভিমান আছড়ে পড়ে দমকা হাওয়ায়,
ফের সপ্রতিভ হয় সম্মিলিত হৃদয়ের ছন্দিল ভাঁজে,
নিজ নিজ ঐশ্বর্যে ঋতুর ভরা সংসার,
বৃত্তের ভাঙাগড়ার মাঝে এঁকে চলে বৃত্তের ভাঙাগড়ার সমাহার…
