আমের বাগে জটলা করে
দুষ্টু ছেলেগুলো,
ডাণ্ডা নিয়ে মালি তেড়ে
আসছে ছুটে ভুলো।
পড়বে যখন টপটপিয়ে
ঝড়ের বাতাস লেগে,
ঝোলা নিয়ে দৌড়ে আসব
যতই থাকো জেগে।
ওপর থেকে বুড়ো দাদু
চিৎকার করে ডাকে,
আয়রে দামাল রেখেছি আম
বাকিটা থাক শাখে।
হাসির দমক অমনি মুখে
দৌড়ে এল কাছে,
পেটটি পুরে খেলো সবাই
তাকায় শুধু গাছে।
